শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীতের সরকারি অনুমোদ

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীতের সরকারি অনুমোদ

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন স্থানীয়রা।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সম্প্রতি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেয়।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের অনুমোদনক্রমে নবসৃষ্ট উপজেলার ১৩টিসহ দেশের মোট ৪৩১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবল সৃষ্টির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কথা বলেছিলাম। সরকার এখন অনুমতি দিয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক অনুমোদন নয়, বরং নবীনগরের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন।”
তিনি আরও বলেন, “১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে হাসপাতালটিতে নতুন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত হবে। এতে নবীনগরের মানুষকে চিকিৎসার জন্য অযথা জেলা সদর কিংবা ঢাকায় ছুটতে হবে না।”
স্থানীয়দের মতে, হাসপাতালটির শয্যা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নবীনগরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে। বিশেষ করে জরুরি চিকিৎসা, মাতৃসেবা, শিশুস্বাস্থ্য এবং বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নবীনগরবাসীর প্রত্যাশা—সরকার দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ ১০১ শয্যার স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করবে। বাস্তবায়ন সম্পন্ন হলে উপজেলার লাখো মানুষের চিকিৎসাসেবা আরও সহজ, মানসম্মত ও সময়োপযোগী হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com