নাজমুল হাসান: | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের পাশে থাকব। তাদের জন্য যা প্রয়োজন, তা করতে আমি সর্বদা প্রস্তুত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নজরুল মিলনায়তনে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ধর্মমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর থেকেই তিনি ব্যক্তিগতভাবে মুরাদনগরের জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের খোঁজখবর নিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের যখনই কোনো প্রয়োজন হবে, তারা সরাসরি তার সঙ্গে অথবা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাদের যেকোনো সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম এবং শহীদ আবদুল রাকিবের ভাই মো. আমিন।
অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, বিএনপি নেতা বশির মোল্লা, যুবদল নেতা মাসুম মুন্সীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com