মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অন্যতম সংগঠক, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সাহসী কর্মী রনজিত বাওয়ালীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোরের মশিয়াহাটী বাজারে অবস্থিত পুজা মন্দিরের সামনে এ শোকসভার আয়োজন করা হয়।
গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা জাহিদ ইকবাল কবির, সাধন বিশ্বাস, বসির আহমেদ, মাসুদ শেখ, বাসন্তী মন্ডল, ডা. সুকৃতি বিশ্বাস, রাজু আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রনজিত বাওয়ালী ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর লেখা কবিতা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি ভবদহের পানিবন্দি মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেছেন। আন্দোলন করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে নির্যাতন ও বাধার মুখেও পিছপা হননি।
বক্তারা আরও বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টি আর এম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর কোনো বিকল্প নেই। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের নানা জটিলতার কারণে বিভিন্ন সময়ে টি আর এম বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ভবদহের মানুষের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত টি আর এম প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা বলেন, রনজিত বাওয়ালী আজ আমাদের মাঝে নেই। কিন্তু ভবদহের মানুষের জন্য তাঁর রেখে যাওয়া আন্দোলনের চেতনা ও সংগ্রামের পথ আমাদের সামনে রয়েছে। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শোকসভায় পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত মানুষ অংশ নেন। পরে রনজিত বাওয়ালীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com