কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও সৌহার্দ্যপূর্ণ আবহে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির স্থানীয় ‘রান্নাঘর রেস্টুরেন্ট’-এ অনুষ্ঠিত হয়ে গেল তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, মিশিগান, ইউএসএ-এর এক বিশেষ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ। বেলজিয়াম প্রবাসী, তিলপাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা জনাব খালেদ আহমেদের মিশিগান আগমন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সম্মানিত সভাপতি জনাব আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সমিতির কোষাধ্যক্ষ জনাব নিজাম উদ্দিনের প্রাণবন্ত পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান সফররত কৃতি ব্যক্তিত্ব জনাব খালেদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে বেলজিয়াম প্রবাসী জনাব খালেদ আহমেদকে মিশিগানে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানানো হয়। মতবিনিময় সভায় সংগঠনের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ দূর প্রবাসে তিলপাড়াবাসীর ঐক্য, এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
উক্ত মতবিনিময় সভায় সংগঠনের সার্বিক দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ তাহের লুৎফুর, মাস্টার আব্দুর রহমান, হাফিজ উদ্দিন, আছাব উদ্দিন কটই মিয়া, সাইব উদ্দিন, হাফিজ আশরাফ উদ্দিন, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল হেলাল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাব্বির আহমদ এবং অন্যতম সংগঠক জুনেদ আহমেদ প্রমুখ।
মতবিনিময়ের এক পর্যায়ে জনাব খালেদ আহমেদ আগামীতে বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুদৃঢ় ইচ্ছা পোষণ করেন এবং এলাকার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেন। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং বিয়ানীবাজারের সামগ্রিক উন্নয়নে তাঁর দূরদর্শী চিন্তার প্রতি আস্থা রেখে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, মিশিগান-এর পক্ষ থেকে তাঁকে আগামী নির্বাচনে সার্বিক ও সব ধরনের সহযোগিতা প্রদানের জোরালো আশ্বাস দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব খালেদ আহমেদ প্রবাসের মাটিতে এমন সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনের জন্য অত্যন্ত আবেগাপ্লুত হন। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও তিলপাড়া ইউনিয়নের ভাইদের এই সুদৃঢ় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, “মাটির টানে ও রক্তের টানে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের মন পড়ে থাকে তিলপাড়ায়।”
তাঁকে এই বিশাল সম্মান দেওয়ার জন্য তিনি ‘তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, মিশিগান, ইউএসএ’ সমিতির সকল কর্মকর্তা, উপদেষ্টা এবং সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে, মধ্যাহ্নভোজ এবং উপস্থিত সকলের পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এই আয়োজন ও মিলনমেলার সমাপ্তি ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com