সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি : | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় অংশে দুটি চিতাবাঘ দেখার দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সীমান্তবাসী ও লোকালয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া সীমান্তের নাগর নদীর ওপারে ভারতের চা বাগান এলাকায় রাজকীয় ভঙ্গিতে বাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন এই অবিশ্বাস্য মুহূর্তের ছবি তার ক্যামেরায় ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সীমান্তের ঠিক ওপারেই ভারতের চা বাগান ও ঘন ঝোপঝঙ্গল রয়েছে। খাবার বা প্রজননের সন্ধানে বাঘ দুটি নাগর নদী পার হয়ে যেকোনো সময় এপারে লোকালয়ে প্রবেশ করতে পারে—এই আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে সীমান্তবর্তী মানুষের। এর আগে ২০২০ সালের আগস্টের শেষ দিকে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীতে কুমির ভেসে ওঠার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এছাড়া সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন এলাকায় হায়নার আক্রমণ, বনরুই ও নীলগাইয়ের মতো বন্যপ্রাণীর উপস্থিতির কথাও শোনা গেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, “ধনতলা ইউনিয়ন এলাকার নাগর নদীর ওপারে ভারতের সীমান্তসংলগ্ন চা বাগান এলাকায় চিতাবাঘ দেখা যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। পরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।”
ঠাকুরগাঁও জেলা বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, এ বিষয়ে তাঁর কাছে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
এদিকে, বাঘ দেখার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উৎসুক জনতা সীমান্ত এলাকায় ভিড় জমান। পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে নদী পারাপার ও চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com