শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে মেঘনার বালু উত্তোলন বন্ধে নেই কার্যকর পদক্ষেপ, আতঙ্কে কৃষকরা

শফিকুল ইসলাম।বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে মেঘনার বালু উত্তোলন বন্ধে নেই কার্যকর পদক্ষেপ, আতঙ্কে কৃষকরা

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও বন্ধ হচ্ছে না মেঘনা নদী থেকে বালু উত্তোলন। দিনের আলোয় নদীর মাঝখান থেকে বালু তোলার পাশাপাশি রাতের আঁধারেও নদীর তীরবর্তী অংশ থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের নতুন চর, ফসলি জমি ও নদীতীরবর্তী এলাকা। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে একাধিকবার প্রতিবাদ করেও প্রতিকার না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে।

গত ২৩ অক্টোবর বিকেলে ধরাভাঙ্গা গ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে স্থানীয় বাসিন্দা শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজীসহ অনেকে বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি বালু উত্তোলনকারী চক্র কোনো বৈধ ইজারা ছাড়াই নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু তোলার পাশাপাশি রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকেও বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, নদীর তীর ঘেঁষে এভাবে বালু উত্তোলনের ফলে নতুন চর ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ফসলি জমি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, এভাবে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার অন্তত তিন হাজার কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুধু কৃষিজমি নয়, কৃষিনির্ভর পরিবারগুলোর জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

এলাকাবাসীর আরও অভিযোগ, বালু উত্তোলনকে কেন্দ্র করে নদীতে পাহারার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি সশস্ত্র পাহারার অভিযোগও করেছেন তাঁরা। এ কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পান। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের চাপ ও হয়রানির আশঙ্কা তৈরি হয় বলেও দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, দিনের পর দিন এমন ঘটনা চললেও কার্যকর প্রতিকার মিলছে না।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে ধরাভাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমি ও নতুন চর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কৃষিজমি ও বসতভিটা রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।

এদিকে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। গত ২৫ অক্টোবর জেলা নদীরক্ষা কমিটির সভায় ধরাভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় তিনি জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসকের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি। নদীতীরবর্তী কৃষিজমি ও নতুন চর রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের আশ্বাসে কিছুটা আশ্বস্ত হলেও বাস্তবে অভিযান পরিচালনা এবং বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত স্বস্তি ফিরছে না স্থানীয়দের মধ্যে। তাঁদের প্রশ্ন, প্রশাসনের কাছে অভিযোগ ও প্রকাশ্যে প্রতিবাদের পরও যদি রাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ অব্যাহত থাকে, তাহলে নদী ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কবে?

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু এককালীন অভিযান পরিচালনা করলেই হবে না; মেঘনার ওই এলাকায় নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইজারা ও বালু উত্তোলনের বৈধতা যাচাই করতে হবে। একই সঙ্গে নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ অংশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর ভাষ্য, মানববন্ধন হয়েছে, বিক্ষোভ হয়েছে, প্রশাসনের পক্ষ থেকেও যৌথবাহিনীর অভিযানের আশ্বাস এসেছে। এখন তাঁদের একটাই প্রত্যাশা—প্রশাসনের আশ্বাস যেন বাস্তবে রূপ নেয়, বন্ধ হয় অবৈধ বালু উত্তোলন এবং রক্ষা পায় মেঘনার তীরবর্তী কৃষিজমি ও ধরাভাঙ্গার নতুন চর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com