নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপিতে একাধিক প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানের আভাস
মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধি:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন নানা তৎপরতা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জনসংযোগ, মতবিনিময় সভা, বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে ফেস্টুন, ব্যানার ও শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
নির্বাচনী মাঠের বর্তমান চিত্র বিশ্লেষণে দেখা যায়, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একাধিক ব্যক্তিকে প্রচার-প্রচারণায় সরব থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে অনেক ইউনিয়নে তুলনামূলকভাবে একক প্রার্থীর প্রচারণা বেশি দৃশ্যমান হচ্ছে।
এ পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী হিসাব-নিকাশ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকের ধারণা, বিএনপির একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকায় দলটির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী একক প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে থাকতে পারলে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে যেতে পারে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত, প্রার্থী মনোনয়ন, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ভোটারদের সমর্থনের ওপর। বিএনপি যদি শেষ পর্যন্ত অভ্যন্তরীণ মতপার্থক্য ও বিভেদ ভুলে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণ করতে পারে, তাহলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে।
সব মিলিয়ে মনিরামপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এখন থেকেই রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠছে। সময় যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত কোন ইউনিয়নে কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটের মাঠে কোন দল কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারে, তা নিয়ে এখন থেকেই চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com