আনোয়ার হোসেন | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য, ”নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীন অপসংস্কৃতি ভাঙ্গো”।
আধ-ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা। তিনি বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাইবান্ধা জেলায়, ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্য পরীক্ষা করেছেন ১২৫ জন। নারী নির্যাতনের নথিভুক্ত ঘটনা ঘটেছে ১২৪টি। ধর্ষণ মামলা হয়েছে ৫৩টি। গণধর্ষণের মামলা হয়েছে ৩টি।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু নারী বা একটি পরিবারের সমস্যা নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। এছাড়া বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে অপপ্রচার, ব্ল্যাকমেইল, অশ্লীল বার্তা, অনলাইন হয়রানি ও সাইবার সহিংসতার মতো নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
নারী-পুরুষের সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে তিনি ১১ দফা দফা দাবি জানান।
এর মধ্যে রয়েছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং উত্ত্যক্তকরণ ও যৌন নিপীড়ন বন্ধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন ও রায়ের আলোকে আইন প্রণয়ন।
সংবাদ সম্মেলন শেষে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পনেরো দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা।
সাইবার বুলিং, যৌন হয়রানি ও মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা, উঠান বৈঠক, প্রশিক্ষণ ও মানবাধিকার দিবস পালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, পরিবেশ সম্পাদক বিথী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত-সহ অন্যরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com