ফরিদপুর জেলা প্রতিনিধি :আব্দুস সালাম মোল্লা: | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের শিশু,কিশোর, যুব সমাজের প্রধান সমস্যা হচ্ছে মাদক। এক সময় ধারণা করা হতো মাদক শুধু শহরের উচ্চবিত্তদের সমস্যা। কিন্তু আজ গ্রাম থেকে গ্রামান্তরে, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস থেকে ক্ষেত-খামার সর্বত্র মাদকের বিষাক্ত থাবা।
২৫ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে মাদক বিরোধী সচেতনতা মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে।
তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সমাজসেবক মুজিবুর রহমান মৃধা, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বিল্লাল হোসেন,রিয়েল এস্টেট নির্মাণ প্রতিষ্ঠান আপন গৃহ এর স্বত্বাধিকারী মামুন চৌধুরী, যুবদল নেতা চৌধুরী মেহেদী হাসান, জিল্লুর রহমান প্রমুখ।
মাদক বিরোধী সচেতনতা সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান চৌধুরী বলেন,
একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজেকে শেষ করে না, সে শেষ করে একটি পরিবারকে, একটি সমাজকে। পরিসংখ্যান বলছে, দেশে মাদকাসক্তের ৮০ ভাগই যুবক, যাদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। এরাই তো দেশ গড়ার কারিগর। তারাই যদি ইয়াবা, গাঁজা, ফেনসিডিল আর আইসের নেশায় ডুবে থাকে, তবে দেশ এগোবে কিভাবে। তাই আমরা নগরকান্দা উপজেলা সহ সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে দমনের লক্ষ্য সর্বদা সচেষ্ট থাকবো।
মাদক বিরোধী সচেতনতা সভায় সিনিয়র শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বলেন, একটি পরিবারে একজন মাদকাসক্ত হলে চুরি, ডাকাতি, গুম,খুন সহ নানা রকম অশান্তি ও দারিদ্র্যতার মধ্যে জীবন যাপন করতে হয়। মাদকের টাকা জোগাড় করতে সন্তান মায়ের গয়না চুরি করে, বাবার পকেট কাটে, শেষ পর্যন্ত খুনের মতো জঘন্য অপরাধেও জড়িয়ে পড়ে।
এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। যারা টাকার লোভে আমাদের সন্তানদের মুখে বিষ তুলে দিচ্ছে। এরা দেশ ও জাতির শত্রু। এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। এদের প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।
মাদক বিরোধী আলোচনা সভায় মামুন চৌধুরী তার বক্তব্য বলেন, মাদক শুধু পুলিশ দিয়ে দমন করা যাবে না। এটিকে সামাজিক সচেতনতার যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। এই যুদ্ধে সবাইকে নামতে হবে।
তিনি আরও বলেন, আপনার সন্তানকে সময় দিন। তার কথা শুনুন। সে কার সাথে মিশে, কোথায় যায়, তার মানসিক অবস্থা কেমন – খেয়াল রাখুন। একটি ভালোবাসাপূর্ণ পরিবারই সন্তানকে মাদক থেকে দূরে রাখতে পারে।
আমাদের মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। যুবকরা খেলার জায়গা পাচ্ছে না। তাই তারা মোবাইল আর নেশায় আসক্ত হচ্ছে। প্রতিটি এলাকায় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও লাইব্রেরি বাড়াতে হবে।
সামাজিক প্রতিরোধ পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটি করতে হবে। মাদক বিক্রেতাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তার তথ্য গোপনে প্রশাসনকে দিতে হবে। মনে রাখবেন, একজন মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়া মানে ১০০ যুবককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া।
মাদকের কুফল সম্পর্কে যুবদল নেতা চৌধুরী মেহেদী হাসান বলেন, মাদকের প্রতি যারা আসক্ত হয়ে গেছে, তাদের ঘৃণা করবেন না। তারা রোগী। তাদের কাউন্সেলিং ও চিকিৎসার ব্যবস্থা করুন। তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাই আমাদের সার্থকতা।
পরিশেষে বলতে চাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ কোনো একদিনের মিছিলে শেষ হবে না। এটি একটি চলমান সংগ্রাম। আসুন, আমরা শপথ নিই – “আমার সন্তানকে বাঁচাবো, আমার সমাজকে বাঁচাবো। মাদক মুক্ত বাংলাদেশ গড়বো।”
মাদক বিরোধী সচেতনতা সভায় এলাকার ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com