তোফিক আলম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসে হাড়ভাঙা খাটুনি আর দেশে মায়ের নিরলস ত্যাগের ফসল হিসেবে বিরল এক সাফল্যের নজির গড়েছেন কাতারপ্রবাসী শফিউর রহমান ও জান্নাতুল ফেরদৌস দম্পতি। তাঁদের পাঁচ কন্যার মধ্যে তিনজনই এখন চিকিৎসক, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনিষ্ঠজনও হাঁটছেন চিকিৎসক হওয়ার পথে।
গতকাল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার মধ্য দিয়ে এই পরিবারের তৃতীয় চিকিৎসক হিসেবে নাম লেখান মেজো ও চতুর্থ কন্যার মধ্যমণি সায়মা রহমান। তাঁর এই অর্জনে পরিবার ও স্বজনদের মাঝে বইছে আনন্দের বন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শফিউর-জান্নাতুল দম্পতির পাঁচ কন্যার প্রত্যেকেই মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে চলেছেন:
বড় কন্যা: ডা. জেমিন আক্তার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে এফসিপিএস (নিউরোলজি) কোর্সে প্রশিক্ষণরত।
মেজো কন্যা: ডা. তাসনিম সুলতানা একই মেডিকেল কলেজে ডার্মাটোলজি বিষয়ে এমডি কোর্সে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।
তৃতীয় কন্যা: সায়মা রহমান সদ্যই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।
চতুর্থ কন্যা: সাইলা রহমান চিকিৎসা পেশার বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।
কনিষ্ঠ কন্যা: সবার ছোট মাইশা রহমানও বোনদের পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে অধ্যয়ন করছেন।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দক্ষিণ কাজীবাড়ির স্থায়ী বাসিন্দা এই পরিবারটি সন্তানদের পড়াশোনার সুবিধার্থে বর্তমানে চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকায় বসবাস করছেন।
স্বজন ও এলাকাবাসীর মতে, কন্যাশিশুদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে শফিউর রহমান ও জান্নাতুল ফেরদৌস দম্পতি সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রবাসে থেকে বাবা শফিউর রহমান যেমন অর্থনৈতিক ও মানসিক জোগান দিয়ে গেছেন, তেমনি দেশে থেকে মা জান্নাতুল ফেরদৌস সন্তানদের আগলে রেখে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছেন।
তাঁদের এই সম্মিলিত ত্যাগের ফলেই আজ একই ছাদের নিচে গড়ে উঠেছে চিকিৎসক ও প্রকৌশলীদের এক আলোকিত ভুবন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com