কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে আগামী রোববার সংবর্ধনা দেওয়া হবে। তাঁর নির্বাচনী বিজয় উদ্যাপন উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। অনুষ্ঠানে মিশিগানের মূলধারার রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন তাঁরা।
আয়োজকেরা জানান, ২৯ নভেম্বর রোববার, বিকেল সাড়ে পাঁচটায় হ্যামট্রামিক সিটির গেটস অব কলম্বাস ব্যাঙ্কুয়েট হলে সংবর্ধনার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে মিশিগানের নবনির্বাচিত অ্যাটর্নি জেনারেল এলি সাভিতসহ কংগ্রেস সদস্য, স্টেট রিপ্রেজেন্টেটিভ, সিটি কর্মকর্তা এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদ হ্যামট্রামিক সিটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন। পরে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া থাকবে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন নিউইয়র্ক থেকে আগত জনপ্রিয় শিল্পী বিন্দু কণাসহ মিশিগানের স্থানীয় শিল্পীরা।
আব্দুল বাসিতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক বকুল তালুকদার।
লিখিত বক্তব্যে বলা হয়, মুহিত মাহমুদের এই বিজয়ের পেছনে হ্যামট্রামিকের বাসিন্দাদের পাশাপাশি মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। নির্বাচনী প্রচারণায় অনেকেই ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। কেউ প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন, আবার কেউ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বিজয় সম্মিলিতভাবে উদ্যাপনের আহ্বান জানান আয়োজকেরা।
উল্লেখ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেয়র নির্বাচনে মাত্র ১২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন মুহিত মাহমুদ। গত ৪ নভেম্বর ওয়েইন কাউন্টির বোর্ড অব ক্যানভাসার্স আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রত্যয়ন করে। পরবর্তী সময়ে ৮ নভেম্বর হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানে হ্যামট্রামিকের বাসিন্দাসহ মিশিগানের সর্বস্তরের কমিউনিটির মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com