সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
‘আমি এই দেশের সিও আমার কোটি কোটি টাকা আছে!’— সম্পূর্ণ খালি গায়ে ব্যাংকের ম্যানেজারের চেয়ারে চেপে বসে এক যুবকের এমন হুংকার আর অসংলগ্ন চিৎকারে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ব্যাংক শাখা।
বুধবার (৭ জুলাই )সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) ঘটে যাওয়া এই নজিরবিহীন ও নাটকীয় ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়েছে খালি গায়ে ম্যানেজারের আসনে বসা যুবকের সেই অদ্ভুত কাণ্ড।
ব্যাংকে ঢুকে খোদ প্রধান কর্মকর্তার চেয়ার দখল করে বসা ওই যুবকের কাণ্ড দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে যান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সাধারণ গ্রাহকরা। একপর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ব্যাংক জুড়ে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ব্যাংকের স্বাভাবিক লেনদেন ও কাজকর্ম চলাকালীন সময়ে আকস্মিকভাবে ভেতরে প্রবেশ করেন ইয়াসিন আলী নামের এক যুবক। কোনো কিছু না ভেবেই তিনি সোজা ম্যানেজারের কক্ষে ঢুকে শার্টবিহীন অবস্থায় প্রধান কর্মকর্তার চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। এরপরই শুরু করেন একের পর এক অসংলগ্ন কথাবার্তা ও চিৎকার।
সেখানেই ক্ষান্ত হননি ইয়াসিন। নিজেকে দেশের ‘সিও’ ও মস্ত বড় অফিসার দাবি করে তিনি উচ্চস্বরে বলতে থাকেন, এই ব্যাংকে তার কোটি কোটি টাকা জমা রয়েছে। সেই টাকা দিয়ে তিনি নিজের বাড়ি ঠিক করবেন এবং নতুন মোটরসাইকেল কিনবেন। ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা তাকে বুঝিয়ে-শুনিয়ে চেয়ার থেকে নামানোর আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হন। তাকে ঘিরে ব্যাংকের ভেতরে তৈরি হয় চরম এক চাঞ্চল্যকর ও থমথমে পরিস্থিতি।
পরিস্থিতি বেগতিক দেখে এবং ব্যাংকের সার্বিক নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানা পুলিশ। তবে পুলিশের আগমনও দমাতে পারেনি সেই যুবককে। পুলিশ সদস্যরা কক্ষে প্রবেশ করার পরও বেশ কিছুক্ষণ ধরে একই রকম অসংলগ্ন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন ইয়াসিন। তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল, যেন পুরো ব্যাংকটিই তার নিজস্ব সম্পত্তি অবশেষে বেশ কিছুক্ষণ চেষ্টার পর বিশেষ কৌশল ও বুদ্ধিমত্তায় পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হন।
হরিপুরের চৌরঙ্গী বাজার এলাকায় ইয়াসিন আলীর এমন আচরণে সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিনের আতঙ্ক রয়েছে। ব্যাংকের সেকেন্ড অফিসার বিপ্লবী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াসিনকে এলাকার সবাই চেনে এবং তাকে ভীষণ ভয় পায়। এর আগে সে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। যাকে তাকে যখন তখন আক্রমণ করে বসে। এজন্য ভয়ে তাকে কেউ কিছু বলার সাহস পায় না। ধারণা করা হচ্ছে, সে মানসিক বিকারগ্রস্ত। আজ ব্যাংকের অবস্থা বেগতিক দেখে আমরা আতঙ্কিত হয়ে ৯৯৯-এ ফোন দিই। পরবর্তীতে পুলিশ এসে তাকে নিবৃত্ত করে।
হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবগত করা হয়। উনার নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ও হেফাজতে ইয়াসিনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে ওই যুবক আসলে তীব্র মাদকাসক্ত নাকি পুরোপুরি মানসিক ভারসাম্যহীন—তা নিশ্চিত হতে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com