মোঃ তরিকুল ইসলাম: | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জাপান টোকিও: জাপানে স্থায়ী বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি (PR) পাওয়ার নিয়ম আরও কঠোর করছে দেশটির সরকার।
সংশোধিত নির্দেশিকায় আবেদনকারীর আয়, ভবিষ্যৎ পেনশন, জাপানি ভাষার দক্ষতা এবং আইন ও সামাজিক নিয়ম মেনে চলার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীর আয় একই আকারের জাপানি পরিবারের গড় আয়ের তুলনায় ধারাবাহিকভাবে পর্যাপ্ত কি না, তা যাচাই করবে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে আবেদনকারী কী পরিমাণ পেনশন পাবেন, সেটিও বিবেচনায় নেওয়া হবে। পেনশনের পরিমাণ পর্যাপ্ত না হলে সঞ্চয় ও অন্যান্য আর্থিক সম্পদ বিবেচনা করা হতে পারে।
স্থায়ী বসবাসের আবেদনকারীদের জাপানি ভাষায় সাধারণভাবে B1 পর্যায়ের দক্ষতা প্রত্যাশা করা হবে, যা আনুমানিক JLPT N3-এর সমমান। দীর্ঘমেয়াদে জাপানে বসবাস, স্থানীয় সমাজে সম্পৃক্ততা এবং দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতেই এ শর্ত যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া জাপানি নাগরিক বা স্থায়ী বাসিন্দার স্বামী-স্ত্রীর জন্য বিদ্যমান বিশেষ সুবিধার শর্তও কঠোর হচ্ছে। বর্তমানে তিন বছরের বৈবাহিক সম্পর্ক এবং জাপানে এক বছরের বসবাসের ভিত্তিতে বিশেষ ছাড় পাওয়ার সুযোগ থাকলেও সংশোধিত নিয়মে তা যথাক্রমে পাঁচ বছর ও তিন বছর করার কথা বলা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com