চট্টগ্রাম প্রতিনিধি: | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি ২ লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে। রোববার (২২ নভেম্বর) থানার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশ (৫৩)-কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এরপর তাদের হেফাজতে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ২টায় টিলাপাড়া এলাকা থেকে মোঃ সম্রাট ও মোঃ রাশেদকে গ্রেপ্তার করা হয়। ১৬ অক্টোবর বিকাল ৪টার দিকে কোতোয়ালি থানা এলাকা থেকে পলাতক প্রধান আসামি মোঃ জাবেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার হয়।
তদন্তের ধারাবাহিকতায় ১৯ নভেম্বর ভূজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোঃ সুমন @ সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে ঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকানো একটি কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সম্রাট (২৪), মোঃ রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মোঃ জাবেদ (৩৩), মোঃ সুমন @ সিসিলেন (২২) ও লিলু আক্তার (২৭)। এদের মধ্যে মোহাম্মদ আবু ও মোঃ সুমন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সিরাজুল ইসলাম, পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ, পিপিএম-এর দিকনির্দেশনায় ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com