আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা।
আখেরী মোনাজাতে অংশ নিতে রোববার সকাল ১০টায় হাজার হাজার মুসল্লি বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষো করে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় রংপুর চিনিকল ইক্ষু খামার মাঠে উপস্থিত হন। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজে শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ।
ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর প্রার্থনায় দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগ তাড়িত হয়ে পড়েন। এ সময় আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দানে এক হৃদয়ছোয়া দৃশ্যের অবতারণা হয়।
গাইবান্ধা জেলা তাবলিগ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী সাদপন্থী এ ইজতেমায় দেশের খ্যাতিমান আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নছিয়ত দেন।
ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলসহ ইন্দোনেশিয়া, সুদানসহ বিদেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এতে পুরো ইজতেমা ময়দান পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়। আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com