শফিকুল ইসলাম বাদল | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪০২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বুধবার (২৬ আগস্ট) জশনে জুলুস, মুবারক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, মহান আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবন ও আদর্শে সত্য, ন্যায়, মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সর্বোত্তম দৃষ্টান্ত রয়েছে।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশের সার্বিক উন্নতি, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com