শফিকুল ইসলাম বাদল | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ থাকলেও কমছে না দাম। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ। উচ্চমূল্যের কারণে অনেকেই সাধ্যের মধ্যে মাছ-মাংস ও সবজি কিনতে পারছেন না। পুষ্টির চাহিদা মেটাতে অনেক পরিবারের ভরসা এখন ডিম। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে নিম্নবিত্তের পাশাপাশি বেকায়দায় পড়েছেন মধ্যবিত্তরাও।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, শাকসবজি, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, মসলা, ডিম, মুরগি ও মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দোকানভেদে ভিন্ন। একই পণ্য একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। ফলে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বাজারে পণ্যের সরবরাহ থাকলেও দামের ক্ষেত্রে কোনো স্থিতিশীলতা নেই বলে অভিযোগ ক্রেতাদের।
নবীনগর সদর বাজারে চালের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে মোটা চাল প্রতি কেজি ৬০ টাকা এবং সরু চাল ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডালের দাম প্রতি কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা। কিছুদিন কম থাকার পর আবার বাড়তে শুরু করেছে ডিমের দাম। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
সবজির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি করলা ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, ঝিঙ্গা, চিচিঙ্গা ও কাঁকরোল ৮০ টাকা এবং ধুন্দুল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শসা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, টমেটো ১৩০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ৮৫ টাকা এবং লম্বা বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি মিষ্টিকুমড়া ৩৫ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, গাজর ১২০ টাকা এবং মূলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি পিস লাউয়ের দাম ৮০ থেকে ৯০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। সবজির এমন উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ।
মাছ ও মাংসের বাজারেও একই চিত্র। সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। বর্তমানে চাষের রুই ও কাতলা প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় তেলাপিয়া ২৩০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের চিংড়ি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা এবং নদীর চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের পাশাপাশি মুরগির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৭০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দাম প্রতি ডজন ১৫০ টাকা।
মাংসের বাজারেও উচ্চমূল্যের প্রভাব স্পষ্ট। বর্তমানে গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে অনেক পরিবারের জন্য নিয়মিত মাছ-মাংস কেনা কঠিন হয়ে পড়েছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাদের মতে, প্রাকৃতিক দুর্যোগ, মৌসুমি ঘাটতি কিংবা পরিবহন সংকটের মতো দৃশ্যমান কোনো কারণ ছাড়াই পণ্যের দাম বাড়ছে। এ অবস্থায় বাজার তদারকি জোরদার এবং মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণ করা জরুরি।
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নবীনগরের সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। আয় না বাড়লেও প্রতিদিন বাড়ছে সংসারের খরচ। ফলে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com