শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় হয়রানি, অনিয়ম বা অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে তাদের কাছে খোঁজ নেন তিনি।
এমপি আব্দুল মান্নান বলেন, “ভোটার হতে গিয়ে কিংবা এনআইডি-সংক্রান্ত কোনো সেবা নিতে কেউ হয়রানি করলে, অবৈধভাবে অর্থ দাবি করলে বা সেবা দিতে গড়িমসি করলে আমাকে সরাসরি জানাবেন। জনগণের সঙ্গে কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না।”
তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে এক প্রবাসী নাগরিকের হয়রানির অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সংসদ সদস্য। পাশাপাশি প্রবাসীদের ভোগান্তি কমাতে নির্বাচন অফিসে পৃথক ‘প্রবাসী সেবা ডেস্ক’ চালু এবং সেবাগ্রহীতাদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা করার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান রাশেদুল ইসলাম কাজী সুমনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com