আসাদুজ্জামান তালুকদার | শনিবার, ২২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৭৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত নেত্রকোণা কালেক্টরেট স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে। ফল প্রকাশে ভুল, শিক্ষার্থীদের আইডি কার্ড না দেওয়া, প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে বৈষম্য এবং অনুপস্থিতির জন্য জরিমানা আরোপসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, লটারির মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় অনেকেই সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তবে শিক্ষক-শিক্ষিকাদের অবহেলার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে। তাদের দাবি, বিদ্যালয়ের কিছু শিক্ষক-শিক্ষিকার কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেওয়া হয় না।
এদিকে, শিক্ষাবর্ষ প্রায় শেষ হলেও অনেক শিক্ষার্থী এখনও বিদ্যালয়ের আইডি কার্ড পায়নি। অথচ ভর্তি শুরুর সময়ই আইডি কার্ড বাবদ অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
অন্যদিকে, বিদ্যালয়ে একদিন অনুপস্থিত থাকলেই ২০ টাকা জরিমানা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, সম্প্রতি অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলার পরই তাদের ওপর চাপ সৃষ্টি করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি জরিমানার নিয়ম কার্যকর হওয়ার আগের অনুপস্থিতির হিসাবও শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ের ডায়েরি দেওয়া হলেও তা কার্যত কোনো কাজে আসে না। এছাড়া অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থীকে পাঁচটি বিষয়ে ফেল দেখানো হলেও পরে অভিভাবকরা যাচাই করতে গেলে ভুল ধরা পড়ে এবং শিক্ষক-শিক্ষিকারা হাতে লিখে ফল সংশোধন করে দেন। ফলে ফল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন অভিভাবকরা। তাদের দাবি, যারা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে না, তাদেরই বেশি হয়রানির শিকার হতে হচ্ছে।
স্থানীয় অভিভাবকদের প্রত্যাশা, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সন্তানরা যেন কোনো বৈষম্য ছাড়াই একটি সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনার সুযোগ পায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা শনিবার (২২ আগস্ট) দুপুরে বলেন, “বিষয়গুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
২২/০৮/২০২৬
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com