শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মা ইলিশ রক্ষায় ভূরুঙ্গামারীতে যৌথ সাঁড়াশি অভিযান

মোঃরাহিজুল ইসলাম   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মা ইলিশ রক্ষায় ভূরুঙ্গামারীতে যৌথ সাঁড়াশি অভিযান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ এবং অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এক সমন্বিত ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

​শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​জানা গেছে, প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত ভরা পূর্ণিমায় ডিম ছাড়ার উদ্দেশ্যে সমুদ্র থেকে মা ইলিশ উজান বেয়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে ছড়িয়ে পড়ে। এই প্রজনন মৌসুমে যাতে নির্বিচারে মা ইলিশ নিধন না হয়, সেজন্য বাংলাদেশ সরকার ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

​এরই অংশ হিসেবে শনিবার ভোররাতে দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিশাল এলাকা জুড়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। রাতব্যাপী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর চায়না দুয়ারি ও অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শক দিয়ে ক্ষতিকর উপায়ে মাছ আহরণের সরঞ্জামও ধ্বংস করা হয়।

​তবে নদের গতিপথ সরু এবং চরবেষ্টিত হওয়ায় বহুদূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

​মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রজননক্ষম মা ইলিশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com