শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরাইল থানার ওসির সরকারি ফোন ব্যবহার নিয়ে অভিযোগ, সাংবাদিকদের ফোন না ধরার বিষয়েও ক্ষোভ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইল থানার ওসির সরকারি ফোন ব্যবহার নিয়ে অভিযোগ, সাংবাদিকদের ফোন না ধরার বিষয়েও ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সরকারি ফোন নম্বর তাঁর স্ত্রী ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে জেলার বিভিন্ন থানার ওসিদের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রিসিভ না করা এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন সাংবাদিকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরা হয়।
সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সরাইল থানার ওসির সরকারি নম্বরে ফোন করার একটি অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি সরাইলে সংঘর্ষের ঘটনা সম্পর্কে তথ্য জানতে ওসির সরকারি নম্বরে ফোন করেন তিনি। তবে ফোনটি ওসি নিজে রিসিভ না করে তাঁর স্ত্রী রিসিভ করেন। এ সময় ওসির সঙ্গে কথা বলতে হলে বিকল্প একটি ব্যক্তিগত নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়।
বিষয়টি বোঝাতে প্রেসক্লাব সভাপতি সংশ্লিষ্ট কলের রেকর্ডও পুলিশ সুপারকে শোনান। এ ঘটনায় সভায় উপস্থিত ব্যক্তিরা বিস্ময় প্রকাশ করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন থানার ওসিরা অনেক সময় তাঁদের ফোন রিসিভ করেন না। ফলে সংঘর্ষ, অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সংগ্রহ এবং পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তোলেন তাঁরা। বিশেষ করে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী ও কসবা থানার ওসি আলী মো. রাশেদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেন সাংবাদিকেরা।
এ সময় সাংবাদিকেরা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পুলিশ সুপারের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
জবাবে নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, থানার ওসিরা যেন ফোন রিসিভ করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করেন, সে বিষয়ে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। তবে বর্তমানে কিশোর গ্যাং, মাদকাসক্তি, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ এবং গোষ্ঠীগত দাঙ্গাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা মোকাবিলা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com