শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আনন্দ রূপ নিল বিষাদে : ঘাঘট নদীতে নেমে যুবক নিখোঁজ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনন্দ রূপ নিল বিষাদে : ঘাঘট নদীতে নেমে যুবক নিখোঁজ

ছুটির আনন্দ মুহূর্তে বিষাদে রূপ নিল গাইবান্ধার কাজলডোপ এলাকায়। শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক চাকুরিজীবী যুবক।

আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন হুদা ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। পূজার ছুটিতে তিনি বাড়িতে আসেন এবং গত বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। আজ বৃহস্পতিবার দুপুরে তিনিসহ মোট চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে নিয়ন তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিয়ন আর ফিরে আসতে পারেননি।

ঘটনার পর পর স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, নিয়নের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে শত শত মানুষ ভিড় জমায়। পূজার টানা ছুটিতে বাড়িতে এসে এমন ঘটনায় নিয়নের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। নদী পাড়ের আকাশ এখন তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়নের কোনো সন্ধান মেলেনি, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com