শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনানাশক ব্যবহার করে সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চালক হোসেন মিয়াকে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. আবুল বাশার (৪৪) এবং কুমিল্লা কোতোয়ালি থানার সংরাইশ এলাকার মৃত রফিক মিয়ার মেয়ে নাজমুন নাহার লাভলী (২৮)।
র্যাব জানায়, নিহত হোসেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চান্দলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। গত ২৫ মে ২০২৬ সকালে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার সন্ধান না পেয়ে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর তিন দিন পর, ২৮ মে বিকেলে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, কসবা থানাধীন টি. আলী মোড় সংলগ্ন একটি পুকুরে একটি মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কসবা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, সিএনজি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হোসেন মিয়াকে হত্যা করা হয়েছে।
মামলা দায়েরের পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লার দেবিদ্বার থানাধীন বাগুরা এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল বাশারকে গ্রেফতার করে।
একই রাতে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে নাজমুন নাহার লাভলীকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা ও মামলার অন্যান্য অভিযুক্তরা ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনানাশক ব্যবহার করে সিএনজি চালক হোসেন মিয়াকে অচেতন করে হত্যা করেন। পরে তার সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ দুইজনকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কসবা থানায় দায়ের করা মামলা নম্বর-০৩, তারিখ ২ জুন ২০২৬; দণ্ডবিধির ৩০২/৩৯৪/৩৪ ধারায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরে গ্রেফতারকৃত দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com