শফিকুল ইসলাম বাদল | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাউর ও কাইতলা উত্তর ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ এবং আরও তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে। জব্দ ও বিনষ্ট করা মেশিনগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
অভিযান পরিচালনার খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি আরও তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
স্থানীয় সূত্রে অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত এরশাদ মিয়া, রহিম মহাজন, হেলাল মিয়া ও আবু মুসার নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমির উর্বরতা বজায় রাখা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com