এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে ল্যাম্পি স্কিন ডিজিজ ও ক্ষুরারোগে আক্রান্ত গরুর সংখ্যা দিনদিন আশংকাজনক হারে বেড়েই চলছে। সরেজমিন হোসেনপুর পশু হাসপাতালে শারমিন আক্তার তার সাত মাস বয়সী একটি বকনা বাছুর নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এসেছেন গরুর চিকিৎসা করাতে ।

পরে বাছুরটিকে রশি দিয়ে বেঁধে ড্রেসার মো: রফিকুল ইসলাম ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হরু বাছুরের শরীর থেকে অসংখ্য গুটি কেটে কেটে ফেলছেন এবং হাঁটুর একপাশে নালী হয়ে যাওয়া গর্তে সুতা ঢুকিয়ে ড্রেসিং করেছেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, পশুটির ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়েছে। বাছুরের শরীরে অসংখ্য গুটি (চাকার মত) দেখা দিয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাহিদুল কবির জানান,হোসেনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকা থেকে প্রতি দিন প্রায় ২০/২৫ টি ল্যাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত গরু চিকিৎসা করাতে নিয়ে আসছে কৃষকেরা । এতে করে প্রায় মাসে ৫ শতাধিক গবাদিপশু এ রোগসহ বিভিন্ন চিকিৎসা সেবা নিচ্ছে গরু-ছাগল মালিকরা ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এটি একটি ভাইরাস জনিত সংক্রমণ যা মশা মাছির মাধ্যমে দ্রুত এক পশু থেকে আরেক পশুতে ছড়িয়ে পড়ে।
সময় মত ভ্যাকসিন দিতে পারলে তা অনেকাংশে এ রোগ রোধ করা সম্ভব। এ রোগে আক্রান্ত পশুর শরীরে ১০৪ ডিগ্রী থেকে ১০৬ ডিগ্রি পর্যন্ত জ্বর থাকে। পশুর মুখে ও লিভারে ক্ষত হয়ে যাওয়ায় আক্রান্ত পশু খাবার খেতে পারে না। এর চিকিৎসা দীর্ঘ মেয়াদি। সময়মত চিকিৎসা দিতে না পারলে অধিকাংশ ক্ষেত্রেই পণ্ডর মৃত্যু ঠেকানো যায় না। তবে পূর্ব থেকেই গরুর মালিকরা সময়মত ভ্যাকসিন দিলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না।
এদিকে হোসেনপুরে কয়েকবছর যাবৎ সরকারিভাবে ভ্যাকসিন সংকট থাকার কারনে এ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে । এ উপজেলায় বিগত বছরের হিসাব অনুযায়ী ৬২০০০ গবাদিপশু রয়েছে । যেখানে চলতি বছর গত জুন মাসে মাত্র ৪০০ ডোজ ভ্যাকসিন সরকারী ভাবে পাওয়া গেছে,যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
এছাড়াও অন্যান্য ওষুধের সংকট এর পাশাপাশি গবাদিপশুর ক্ষুরা রোগের জন্য ইএমডি ভ্যাকসিন, ছাগলের জন্য পিপিয়ায় ভ্যাকসিন, হাঁসের জন্য ডাক পেগ ভ্যাকসিন ও মুরগীর ভ্যাকসিনের সংকট রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com