চট্টগ্রাম প্রতিনিধি: | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সরকারের আমলে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না।
রবিবার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর কর্মকর্তাগণের ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ে ইতিপূর্বে নেওয়া দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের যেকোনো দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে একটি আধুনিক ট্রাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে পাওয়া যেকোনো অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, বর্তমান সরকার স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা দিতে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ সার্বিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা জোরদার করেছে।
অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী তরুণ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আপনারা রাষ্ট্রের মূল চালিকাশক্তি। ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ক্ষমতার অপব্যবহার না করে জনগণের সেবা করাই হোক আপনাদের মূল নীতি।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সায়মা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com