শফিকুল ইসলাম বাদল | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কনিকাড়া মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী হাফেজ মো. মিনহাজুল ইসলাম (মিনহাজ) জেলা পর্যায়ে ৩০ পারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তার এ অসামান্য সাফল্যে মাদ্রাসা পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
হাফেজ মিনহাজুল ইসলাম নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মাজেদ মিয়ার সুযোগ্য সন্তান। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে পবিত্র কোরআন হিফজের শিক্ষা গ্রহণ করে সে। তার নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং মহান আল্লাহর রহমতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করে।
প্রতিভাবান এ শিক্ষার্থীর অসাধারণ সাফল্যে আনন্দিত হয়ে কনিকাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার এ অর্জনকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতে দ্বীনি শিক্ষার পথচলা আরও সুন্দর ও গতিশীল করতে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহেদ চৌধুরীসহ,,সম্মানিত অন্যান্য সদস্য শাহাজাহান মিয়া, আবদুল করিম, হান্নান মিয়া, মুর্শিদ মেম্বার, ধন মিয়া, এরশাদ মিয়া, মিজান মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া অত্র মাদ্রাসার মুহতামিম শিব্বির আহমেদ, আশরাফ উদ্দিন খাদেমি, মাহমুদ মিয়াসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং মাদ্রাসার সম্মানিত উস্তাদগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ, সম্মানজনক ও সৌভাগ্যের বিষয়। আর জেলা পর্যায়ে ৩০ পারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা নিঃসন্দেহে এক অনন্য গৌরবের বিষয়। হাফেজ মিনহাজের এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং কনিকাড়া মাদ্রাসা, তার পরিবার, শিক্ষক-অভিভাবক এবং পুরো এলাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা ও প্রতিষ্ঠানের সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃতী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন, সম্মাননা ও উৎসাহ প্রদান করা হলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে। একই সঙ্গে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হতে উৎসাহিত হবে।
বক্তারা কনিকাড়া মাদ্রাসার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দ্বীনি শিক্ষার প্রসার, পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং মেধাবী হাফেজদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কৃতী হাফেজ মিনহাজুল ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনি শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে হাফেজ মিনহাজুল ইসলাম কনিকাড়া গ্রামের জন্য যে সম্মান ও গৌরব বয়ে এনেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এলাকাবাসীর প্রত্যাশা, তার এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সে একজন আদর্শ হাফেজ ও দ্বীনের খেদমতে নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com