শফিকুল ইসলাম বাদল | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানের মালিকসহ চারজনকে মোট ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানের দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেসরকারি ক্লিনিক স্থাপন ও পরিচালনা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত এবং সরকারি রাস্তা দখল করে নির্মাণকাজ পরিচালনার মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫২ ধারায় জরিমানা করা হয়।
অভিযানে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ লাখ টাকা, ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ লাখ টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরির দায়ে ভর্তি-ভাতি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে রাস্তা দখল করে নির্মাণকাজ পরিচালনার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮(৭) ও ১০৯ ধারায় মো. নাঈম মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে অভিযানে চারজনকে মোট ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অনিয়ম প্রতিরোধে তাদের চলমান গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com