মো: মাজহারুল ইসলাম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগে মানসিক স্বাস্থ্যকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হলেও দেশে এখনও মানসিক স্বাস্থ্যসেবার প্রাপ্যতা সীমিত। প্রশিক্ষিত পেশাজীবীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। ফলে অনেক মানুষ মানসিক সংকটে পড়লে কোথায় যাবেন, কার কাছে যাবেন কিংবা কী ধরনের সেবা প্রয়োজন—তা বুঝে উঠতে পারেন না। এই বাস্তবতায় সাইকো-স্যোসাল কাউন্সিলিং একটি গুরুত্বপূর্ণ সহায়ক সেবা হিসেবে ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
তবে আমাদের সমাজে এখনও অনেকের ধারণা, কাউন্সিলিং মানেই উপদেশ দেওয়া বা সমস্যার সমাধান বলে দেওয়া। বাস্তবে কাউন্সিলিং তার চেয়ে অনেক বেশি সংবেদনশীল, বৈজ্ঞানিক ও দায়িত্বশীল একটি পেশাগত প্রক্রিয়া। একজন সাইকো-স্যোসাল কাউন্সিলরের প্রথম দায়িত্ব কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়; বরং এমন একটি নিরাপদ, নিরপেক্ষ ও সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি করা, যেখানে একজন মানুষ নির্ভয়ে নিজের অনুভূতি, ভয়, দ্বিধা ও সংকট প্রকাশ করতে পারেন।
দীর্ঘদিন সাইকো-স্যোসাল কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতায় দেখেছি, অনেক মানুষ চিকিৎসক, মনোবিজ্ঞানী বা অন্যান্য মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের পরও কাউন্সিলিংয়ের জন্য আসেন। এটি কোনো পেশার সীমাবদ্ধতার প্রমাণ নয়; বরং মানসিক স্বাস্থ্যসেবায় প্রতিটি পেশার নিজস্ব দায়িত্ব ও সীমারেখা রয়েছে। চিকিৎসক চিকিৎসা দেন, মনোবিজ্ঞানী মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও থেরাপি পরিচালনা করেন, আর সাইকো-স্যোসাল কাউন্সিলর ব্যক্তি, পরিবার ও সামাজিক বাস্তবতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে মানুষকে তার সংকট মোকাবিলায় সক্ষম করে তুলতে কাজ করেন।
একটি উদাহরণ দেওয়া যেতে পারে। জেন্ডার-সংক্রান্ত মানসিক দ্বন্দ্বে থাকা একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন। এর আগে তিনি চিকিৎসক, মনোবিজ্ঞানী এবং অন্যান্য প্রতিষ্ঠানের সেবাও নিয়েছিলেন। একজন সাইকো-স্যোসাল কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব ছিল না তাঁর জেন্ডার পরিচয় নির্ধারণ করা বা তাঁর হয়ে জীবন-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া। আমার দায়িত্ব ছিল তাঁর মানসিক অস্থিরতা কমানো, একটি নিরাপদ আলাপের পরিবেশ তৈরি করা, তাঁর অনুভূতি, পারিবারিক বাস্তবতা, ব্যক্তিগত মূল্যবোধ ও ভবিষ্যৎ নিয়ে শান্তভাবে ভাবার সুযোগ করে দেওয়া। প্রয়োজনীয় তথ্য ও সম্ভাব্য পথগুলো তাঁর সামনে তুলে ধরা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে রেফার করাও এই দায়িত্বের অংশ। সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাঁর এবং তাঁর পরিবারের।
কাউন্সিলিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো—এটি মানুষকে বিচার করে না, মানুষকে বোঝে। একজন দক্ষ কাউন্সিলর নিজের ব্যক্তিগত বিশ্বাস, মতাদর্শ বা পছন্দ ক্লায়েন্টের ওপর চাপিয়ে দেন না। বরং মনোযোগ দিয়ে শোনেন, সহানুভূতির সঙ্গে পাশে থাকেন, সমস্যার বিভিন্ন দিক বিশ্লেষণে সহায়তা করেন এবং ব্যক্তি যেন নিজের জন্য দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন, সেই সক্ষমতা গড়ে তুলতে কাজ করেন।
বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রশিক্ষিত ও নৈতিক মানসম্পন্ন সাইকো-স্যোসাল কাউন্সিলিং সেবার প্রয়োজন। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষ কাউন্সিলর নিয়োগ, চিকিৎসক-মনোবিজ্ঞানী-কাউন্সিলরের মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
পরিশেষে বলা যায়, একজন সাইকো-স্যোসাল কাউন্সিলরের সাফল্য মানুষের হয়ে সিদ্ধান্ত নেওয়ায় নয়; বরং এমন একটি মানসিক অবস্থা তৈরি করতে সহায়তা করা, যেখানে একজন মানুষ নিজের শক্তিকে চিনতে পারেন, আত্মবিশ্বাস ফিরে পান এবং সুস্থ, দায়িত্বশীল ও অর্থবহ জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করেন। একজন সাইকো-স্যোসাল কাউন্সিলর মূলত মানুষের বর্তমান অস্থিরতা ও কাঙ্ক্ষিত সুস্থ জীবনের মধ্যে একটি মানবিক, বৈজ্ঞানিক ও নৈতিক সেতুবন্ধন তৈরি করেন। আর সেই সেতুবন্ধনই একজন মানুষকে নতুন করে বাঁচার শক্তি ও আশার পথ দেখায়।
লেখক: মো: মাজহারুল ইসলাম
সাইকো-স্যোসাল কাউন্সিলর ও কলামিস্ট
জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com