শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এডমিট কার্ড তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কসবা পৌরশহরের টিআলী কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
জরিমানাপ্রাপ্তরা হলেন কসবা মহিলা কলেজের শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টিআলী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের সময় দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হয় এক পরীক্ষার্থীর এডমিট কার্ড নিয়ে। পরে ওই শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করে যাচাই-বাছাই করা হলে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।পরে কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, “প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় মিল না থাকায় আমাদের সন্দেহ হয়। পরে যাচাই করে এটি ভুয়া বলে নিশ্চিত হই। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।”কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে এডমিট কার্ড জাল করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় এ ধরনের প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com