ফরিদপুর জেলা প্রতিনিধি- | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় টানা বৃষ্টিতে মুড়িকাটা পেঁয়াজ ও আমন ধানের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মুড়িকাটা পেঁয়াজের বীজ ও চারা নিয়ে বেশি উদ্বিগ্ন কৃষকরা। বৃষ্টির কারণে জমিতে স্বাভাবিক কৃষিকাজও ব্যাহত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চরভদ্রাসন উপজেলায় ৫৮০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ, ১ হাজার ৪০৫ হেক্টর জমিতে বোনা আমন এবং ১ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সব মিলিয়ে এসব ফসলের মোট আবাদি জমির পরিমাণ ৩ হাজার ১৮৫ হেক্টর।
কৃষকদের আশঙ্কা, টানা বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে থাকলে মুড়িকাটা পেঁয়াজের বীজ ও চারা পচে নষ্ট হতে পারে। অন্যদিকে আমন ধানের জমিতে দীর্ঘসময় জলাবদ্ধতা থাকলে ধানের গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ফসলের উৎপাদন ও কাঙ্ক্ষিত ফলন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, টানা বৃষ্টির কারণে জমিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মুড়িকাটা পেঁয়াজের জমিতে পানি জমে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে আর্থিক লোকসানের আশঙ্কাও করছেন কৃষকরা।
চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ ও আমন ধানের জমিতে পানি জমার বিষয়ে কৃষি বিভাগ খোঁজখবর রাখছে। বিশেষ করে মুড়িকাটা পেঁয়াজের জমিতে যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সে বিষয়ে কৃষকদের সতর্ক থাকতে হবে। জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমন ধানের ক্ষেতেও অতিরিক্ত পানি যাতে দীর্ঘসময় স্থায়ী না হয়, সেদিকে নজর দিতে হবে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফসলের ক্ষতি এড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কৃষিনির্ভর চরভদ্রাসন উপজেলার হাজারো কৃষকের জীবিকা এসব ফসলের ওপর নির্ভরশীল। তাই টানা বৃষ্টিতে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়াতে আবহাওয়ার উন্নতি ও জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের দিকে তাকিয়ে রয়েছেন কৃষকরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com