চট্টগ্রাম প্রতিনিধি: | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও হায়াতে তৈয়্যবা কামনা করে হাটহাজারীর মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত মুসল্লি ও এলেম-উলামার কাছে দোয়া চেয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জন্য দোয়ার দরখাস্ত জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মহান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেক হায়াত দান করুন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মুসলিম উম্মাহর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, মহান আল্লাহ তাকে হায়াতে তৈয়্যবা দান করুন।”
হাটহাজারীতে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন ব্যক্তিত্ব, যিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের হাটহাজারী উপজেলার ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র উপজেলা হিসেবে হাটহাজারী উপজেলার ১৪১ জনকে ইসলামী ফাউন্ডেশনে কাজ করার সুযোগ করে দিয়েছেন তিনি। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা হাটহাজারী উপজেলায় বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি ১৩২টি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমাদের সন্তানদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমাদের হাটহাজারীবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তাঁর এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
বার্ষিক এই মাহফিলে বিশিষ্ট এলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com