শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ডুবোচরে ব্যাহত স্পিডবোট-লঞ্চ চলাচল

ফরিদপুর জেলা প্রতিনিধি -   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ডুবোচরে ব্যাহত স্পিডবোট-লঞ্চ চলাচল

পদ্মা নদীর পানি দ্রুত কমে যাওয়ায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। নদীতে নাব্যতা সংকটের কারণে চরভদ্রাসন থেকে ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট ও পাটুরিয়া রুটে চলাচলকারী স্পিডবোট ও লঞ্চ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী হাজারো যাত্রী।

স্থানীয় ঘাট কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকেই পদ্মা নদীর পানি কমতে শুরু করে। গত কয়েক সপ্তাহে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় নদীর মূল চ্যানেলের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক নৌপথে চলাচল করতে পারছে না স্পিডবোট ও লঞ্চ। অনেক স্থানে নৌযানগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

ঘাটসংশ্লিষ্টরা জানান, ডুবোচরের কারণে নৌযানগুলোকে মূল রুট ছেড়ে ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে আগের তুলনায় প্রায় দেড় গুণ বেশি সময় লাগছে। পাশাপাশি বেড়েছে জ্বালানি খরচ। প্রায়ই স্পিডবোট ও লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাওয়ার ঘটনা ঘটছে। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি বড় ধরনের নৌ-দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

চরভদ্রাসনের গোপালপুর ঘাটের এক স্পিডবোট চালক বলেন, “পানি কমে যাওয়ায় নদীর মাঝখানে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। আগে মৈনট ঘাটে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগত। এখন ঘুরে যেতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগছে। প্রায়ই বোট চরে আটকে যায়। তখন নদীতে নেমে বোট ঠেলে পার করতে হয়।”

এদিকে, যাতায়াতে অতিরিক্ত সময় লাগা ও ভোগান্তি বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকাগামী অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রী ও নৌযান চালকরা এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে নৌপথ সচল করতে হবে। একই সঙ্গে ডুবোচর চিহ্নিত করে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শুষ্ক মৌসুমে পদ্মার এই নৌপথে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com