কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি | ফখরুল ইসলাম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনকে জন্মনিবন্ধন সনদ জালিয়াতি, নাগরিকত্ব যাচাইয়ে অবহেলা ও দাপ্তরিক দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রোববার (১৫ নভেম্বর) প্রকাশ্যে আসে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তে তিনটি জন্মনিবন্ধন সনদে উল্লেখ করা স্থায়ী ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি। সনদধারীরা ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। তাঁদের স্থায়ী ঠিকানা ও নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে সংরক্ষণ করাও দাপ্তরিক দায়িত্বে গুরুতর অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে একই অভিযোগে গত ৩ সেপ্টেম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ অসুস্থতাজনিত কারণে ছুটিতে গেলে ইউপি সদস্য মো. সালাহ উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। পরবর্তী সময়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়াছড়া পূর্বাংশ এলাকার তিন রোহিঙ্গা নাগরিক—সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ ইস্যুর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হলে চলতি বছরের ২ আগস্ট স্থানীয় এক বাসিন্দা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে জানতে সাময়িক বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, বরখাস্তের দাপ্তরিক চিঠি তিনি এখনো হাতে পাননি। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, “তদন্তকালে আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিল। সরেজমিনে যাচাই করে তাঁদের কারও স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। এ কারণে প্রতিবেদনে ওই নিবন্ধনগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে।”
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনের সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো প্রজ্ঞাপনের কপি হাতে আসেনি। পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com