শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরসহ দেশে হারিয়ে যাচ্ছে কৃষকের বন্ধু গো-বক, পাঁচ বছরে বিলুপ্ত ৫৭টি প্রজনন কলোনি

শফিকুল ইসলাম বাদল   ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরসহ দেশে হারিয়ে যাচ্ছে কৃষকের বন্ধু গো-বক, পাঁচ বছরে বিলুপ্ত ৫৭টি প্রজনন কলোনি

একসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মাঠ-ঘাটে গবাদিপশুর সঙ্গে অবাধে বিচরণ করত সাদা গো-বক। গরু-মহিষের পিঠে কিংবা পায়ের কাছাকাছি ঘুরে বেড়ানো এ পাখি ধানক্ষেত ও জলাভূমির আশপাশ থেকে ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করত। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাখিটি পরিচিত ‘কৃষকের বন্ধু’ হিসেবে। তবে মানুষের নানা কর্মকাণ্ড, গাছ কেটে ফেলা এবং আবাসস্থল ধ্বংসের কারণে উপকারী এ পাখির অস্তিত্ব এখন হুমকির মুখে।

গবেষণায় উঠে এসেছে, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৫৭টি গো-বকের প্রজনন কলোনি হারিয়ে গেছে। সম্প্রতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘জার্নাল অব থ্রেটেন্ড ট্যাক্সা’-তে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গো-বকের বৈজ্ঞানিক নাম Bubulcus ibis।

‘Nesting Colonies and Breeding Ecology of the Cattle Egret Bubulcus ibis in Northern and Northeastern Bangladesh’ শীর্ষক গবেষণাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান ও অধ্যাপক ড. মো. কামরুল হাসানের যৌথ দিকনির্দেশনায় পরিচালিত হয়। গবেষণায় নেতৃত্ব দেন আল্লামা শিবলী সাদিক।

২০১৭ সালের মার্চ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশের ২৪টি জেলায় অনুসন্ধান চালিয়ে গো-বকের প্রজনন কলোনির তথ্য সংগ্রহ করেন গবেষকরা। এ সময় মোট ২১৮টি কলোনির স্থান শনাক্ত করা হয়। এর মধ্যে ১২৩টি সক্রিয় প্রজনন কলোনি এবং ৩৮টি স্থানকে শুধু রাতের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে। অন্যদিকে, মানুষের অত্যাচার ও গাছ কাটার কারণে ৫৭টি প্রজনন কলোনি ধ্বংস হয়ে গেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, দেশের ১২৩টি সক্রিয় কলোনিতে মোট ২৯ হাজার ৪১২টি সক্রিয় বাসা গণনা করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৭৯৫টি বাসা ধানক্ষেতের সংলগ্ন গাছ ও বাঁশঝাড়ে তৈরি। এ ছাড়া জলাভূমির কাছাকাছি এলাকা, মিশ্র কৃষি অঞ্চল, চা-বাগান, আমবাগান এবং বসতবাড়ির আশপাশেও গো-বকের বাসা রয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, ধ্বংস হয়ে যাওয়া গো-বকের কলোনিগুলোর ৬৬ শতাংশের ক্ষেত্রে প্রধান কারণ গাছ বা বাঁশঝাড় কেটে ফেলা। এ ছাড়া ৪৪ শতাংশ ক্ষেত্রে স্থানীয় মানুষের উপদ্রব, বাসা থেকে ডিম ও ছানা চুরি, পাখির ওপর গুলি চালানো এবং বিষ প্রয়োগের মতো কর্মকাণ্ডের কারণে পাখিগুলো আবাসস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

গবেষকরা জানান, গো-বকের বড় সক্রিয় কলোনিগুলোর প্রায় ৯৯ শতাংশ জমি ব্যক্তি মালিকানাধীন। প্রজনন মৌসুমে অসংখ্য পাখি একসঙ্গে অবস্থান করায় দুর্গন্ধ ছড়ায়। পাখির বিষ্ঠার কারণে ঘরের টিনের চালে মরিচা ধরে এবং পুকুরে মাছ চাষেও কিছুটা সমস্যা সৃষ্টি হয়। এসব কারণে অনেক জমির মালিক পাখির কলোনি নিয়ে বিরূপ মনোভাব পোষণ করেন।

গবেষণা দলের প্রধান ও বন অধিদপ্তরের গবেষক শিবলী সাদিক বলেন, এসব পাখি কৃষিক্ষেত্রে ক্ষতিকর পোকামাকড় দমন এবং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গো-বকের কলোনি রক্ষাকারী গাছের মালিকদের সামান্য বার্ষিক ক্ষতিপূরণ বা প্রণোদনা দেওয়া হলে মানুষ পাখি সংরক্ষণে আরও উৎসাহিত হবে।

গো-বক সংরক্ষণে গবেষকরা কয়েকটি সুপারিশও করেছেন। এর মধ্যে রয়েছে, পাখির কলোনি রক্ষাকারী জমি বা বাড়ির মালিকদের বার্ষিক উপযুক্ত প্রণোদনা দেওয়া, প্রজনন মৌসুমে গো-বক শিকার এবং ডিম ও ছানা সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ করা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা। পাশাপাশি মে থেকে আগস্ট মাস পর্যন্ত প্রজনন মৌসুমে চিহ্নিত কলোনির আশপাশের প্রজনন উপযোগী গাছ ও বাঁশঝাড় কাটা নিষিদ্ধ করা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ‘কমিউনিটিভিত্তিক সুরক্ষা বলয়’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তাঁরা।

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও কৃষির উন্নয়নে গো-বকের ভূমিকা অপরিসীম। তাই সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নবীনগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যেতে পারে কৃষকের এই উপকারী বন্ধু। পাখিটির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে প্রশাসন, স্থানীয় জনগণ ও জমির মালিকদের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com