শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৩৫) ও আশিকুল ইসলাম (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানকালে একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তাতে থাকা দুই আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নুরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের সুরুজ আলীর ছেলে। অপর আসামি আশিকুল ইসলাম একই উপজেলার বিহাইর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা, একটি চুরি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অন্যান্য ধারায় আরও একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। আশিকুল ইসলামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com