শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি অবৈধ চায়না দুয়ারি বা রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল শহরের আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের আনন্দবাজার ঘাট থেকে শুরু হওয়া অভিযানটি নদীপথে ভাদুঘর এলাকা পর্যন্ত চলে।
অভিযান চলাকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি বা রিং জাল জব্দ করা হয়। এসব জাল নদীর মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় অবৈধ জালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
এ সময় নদীর তীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি নদীর প্রাকৃতিক পরিবেশ, মাছের বংশবিস্তার ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া এবং সদর থানার এসআই ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে তিতাস নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com