কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মূলধারার রাজনীতিতে বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ‘লিডারশিপ রাউন্ড টেবিল অ্যান্ড ডিনার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে মিশিগান ডেমোক্রেটিক ক্লাব (এমডিসি)। এ আয়োজনে স্টেট সিনেটর পল ওজনোকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান পদে কার্টিস হার্টেলকে সমর্থন জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে আয়োজিত বিদায়ী সংবর্ধনা ও নৈশভোজে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
‘গণতন্ত্র, মর্যাদা ও ক্ষমতায়ন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মিশিগানের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ স্টেট সিনেটর পল ওজনোর বিদায়ী সংবর্ধনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. রাব্বি আলম, প্রথম সহসভাপতি মাহবুব রাব্বি খান, সাধারণ সম্পাদক খাজা সাহাব আহমেদ, উপসাধারণ সম্পাদক মিনহাজ চৌধুরী, কোষাধ্যক্ষ শওকত হোসেন খান এবং রাজনৈতিক পরিচালক রেদওয়ান মালাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক পরিচালক স্পেন্সার ক্যালহাউন (Spencer Calhoun), ম্যাকম্ব কাউন্টি কমিশনার লিসা ওজনো, কাউন্সিলম্যান হেনরি নিউয়েনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
এদিকে মিশিগান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) চেয়ারম্যান পদে কার্টিস হার্টেলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে মিশিগান ডেমোক্রেটিক ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংগঠনটির একটি প্রচারণামূলক পোস্টারের মাধ্যমে এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে।
কার্টিস হার্টেল মিশিগানের রাজনীতিতে একজন পরিচিত ডেমোক্রেটিক নেতা। এর আগে তিনি মিশিগান স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্য পর্যায়ের রাজনীতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে মিশিগানের বিশেষ অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে মধ্যবর্তী নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে এ রাজ্যের রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে মিশিগান ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব নির্বাচন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে চেয়ারম্যানের ভূমিকা বিশেষ তাৎপর্য বহন করে।
মিশিগান ডেমোক্রেটিক ক্লাবের এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানসহ বিভিন্ন অভিবাসী কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, রাজনৈতিক সচেতনতা এবং নেতৃত্বের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একদিকে বিদায়ী সিনেটর পল ওজনোর প্রতি সম্মান প্রদর্শন, অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে কার্টিস হার্টেলের প্রতি সমর্থন—মিশিগান ডেমোক্রেটিক ক্লাবের সাম্প্রতিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের দুটি উল্লেখযোগ্য দিক হিসেবে উঠে এসেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com