ইবি প্রতিনিধি | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালুর জোর দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর প্রেরিত এক চিঠির মাধ্যমে এই দাবি জানানো হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব রাফিজ আহমেদ সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৩১ অক্টোবর ১৯তম বিজেএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর আগে ১৮তম বিজেএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মোট ১৯ জন শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করা অত্যন্ত দুরূহ এবং অতিরিক্ত আর্থিক ব্যয়, যানজট ও যথাসময়ে পৌঁছানোর ক্ষেত্রে অনিশ্চয়তার শঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, পরীক্ষার দিন নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক চাপ অনেকাংশে কমবে এবং তাঁরা মানসিক স্বস্তিতে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এমতাবস্থায়, শিক্ষার্থীদের এই যৌক্তিক বিষয়টি বিবেচনা করে পরীক্ষার দিন পর্যাপ্ত বাস ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়।
এ ব্যাপারে জানতে চাইলে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ৩১ অক্টোবর ওয়ার্কিং ডে হওয়াতে ঐদিন আমাদের বাস সার্ভিস দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। তবে স্মারকলিপি উপাচার্য স্যার বরাবর দেওয়া হয়েছে। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com